ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে জরুরি বৈঠক

দেশে ডিজেলসহ চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন জ্বালানি মূল্যের সঙ্গে বাসভাড়া সমন্বয় করতে সোমবার (২১ সেপ্টেম্বর) জরুরি বৈঠকে বসার কথা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ)।সন্ধ্যায় রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এতে পরিবহণ মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ অংশ নেবে।বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস পরিচালনার ব্যয় কতটা বেড়েছে এবং এর ভিত্তিতে যাত্রীভাড়া কী হারে সমন্বয় করা যেতে পারে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা।বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানিয়েছেন, মালিকপক্ষ বৈঠকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব তুলে ধরবে।তার ভাষ্য অনুযায়ী, জ্বালানির মূল্য কত শতাংশ পরিবর্তন হলে বাসভাড়ায় কী ধরনের সমন্বয় হতে পারে, সে বিষয়ে আগে থেকেই একটি প্রস্তাবনা রয়েছে। পাশাপাশি পরিবহণ মালিকদের আরও কিছু দাবি বৈঠকে তুলে ধরা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করবে।এরই মধ্যে জ্বালানি তেলের বাড়তি খরচের কথা উল্লেখ করে ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটের বাস মালিকরা যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণের আগে এ ধরনের বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বিরোধ তৈরির আশঙ্কা রয়েছে।রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়। নতুন হিসাবে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।এর আগে ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা।

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে জরুরি বৈঠক