পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক ফাস্ট বোলার সোহেল খান। দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে তার কোচিং দক্ষতা ও খেলোয়াড়দের সঙ্গে আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সোহেল।
ফাওয়াদ আলমের ইউটিউব শোতে দেওয়া সাক্ষাৎকারে সোহেল দাবি করেন, আর্থার কোচ হিসেবে খেলোয়াড়দের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য প্রভাব বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতেন। তার ভাষ্য অনুযায়ী, জাতীয় দল ও পাকিস্তান সুপার লিগে ভালো পারফরম্যান্স করেও তিনি একাধিকবার উপেক্ষিত হয়েছেন।
আর্থারের কোচিং আমলে দল নির্বাচনে প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা ছিল বলেও অভিযোগ করেন সাবেক এই পেসার। তিনি বলেন, আর্থার তাকে দলে নেওয়ার ক্ষেত্রে ন্যায্য আচরণ করেননি এবং কোচ হিসেবে তার সক্ষমতা নিয়েও সোহেলের গুরুতর আপত্তি রয়েছে।
সাক্ষাৎকারে আর্থারের মানসিক সক্ষমতা নিয়ে অত্যন্ত কঠোর ভাষায় মন্তব্য করেন সোহেল। তিনি দাবি করেন, আর্থারের সমর্থন পাওয়া খেলোয়াড়দের বাইরে অন্য ক্রিকেটারদের সঙ্গে কথা বললে তার আচরণ ও সিদ্ধান্ত নিয়ে আরও অনেক অভিযোগ পাওয়া যাবে।
সোহেল আরও বলেন, আর্থার ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে শুধু মাঠের পারফরম্যান্সকে গুরুত্ব দিতেন না। খেলোয়াড়দের পেছনে থাকা প্রভাব ও ক্ষমতাও তার সিদ্ধান্তে ভূমিকা রাখত বলে অভিযোগ করেন তিনি।
মিকি আর্থার ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। তার অধীনে পাকিস্তান ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয় করে। তবে সোহেল খানের সাম্প্রতিক মন্তব্যে সেই সময়কার দল নির্বাচন ও কোচিং নিয়ে পুরোনো বিতর্ক আবারও সামনে এসেছে।
মন্তব্যসমূহ