ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ, রাসায়নিক সার, গাছের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলায় ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এদিন কৃষকদের মধ্যে ২ হাজার ২১০টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ১ হাজার ১১০ জন কৃষকের মধ্যে উচ্চফলনশীল আমন ধানের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লাসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।