সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এই প্রতিরোধ নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগামী তিন মাস চোখ-কান খোলা রেখে রাজপথে সার্বক্ষণিক সতর্ক পাহারা বসানোর কড়া নির্দেশনা দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের বাড়ির মালিকদের নতুন ও বর্তমান ভাড়াটিয়াদের ব্যাপারে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো ব্যক্তির আনাগোনার তথ্য অবিলম্বে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছেন। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব আহ্বান জানান।
ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, সোমবার রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলন্ত বাসে অগ্নিসংযোগের যে সিরিজ নাশকতা ঘটেছে, তার পেছনে আওয়ামী লীগের দোসররা সরাসরি জড়িত। আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযুক্ত করে তিনি লেখেন, “আজকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্পটে চলন্ত বাসে আওয়ামী দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শেখ হাসিনার নির্দেশনায় ওরা মানুষ পুড়িয়ে মারার খেলায় নেমেছে।”
এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, “গণপ্রতিরোধের নেতৃত্ব দিতে সারাদেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই। আগামী ৩ মাস চোখ-কান খোলা রেখে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে।”
সমসাময়িক রাজনৈতিক সমীকরণ ও মিত্রদের ভূমিকা নিয়ে নিজস্ব অভিমত তুলে ধরে তিনি উল্লেখ করেন, “রাজনৈতিক স্বার্থের খেলায় জামায়াত-এনসিপি মাঠে নামবে না ধরে নিয়েই জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী শক্তিকে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে হবে।”
দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির বিশ্লেষণ করে রাশেদ খান দাবি করেন, বিগত শাসনামলের বহু চিহ্নিত অপরাধী ও পলাতক আসামি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে বর্তমানে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরের মতো বড় শহরগুলোর আবাসিক এলাকায় আত্মগোপন করে নাশকতা পরিচালনা করছে। এ বিষয়ে বাড়ির মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাড়ির মালিকদের প্রতি অনুরোধ করব, আপনাদের বাসায় কারা ভাড়া থাকে, ভাড়াটিয়াদের বাসায় অপরিচিত সন্দেহজনক ব্যক্তির আনাগোনা বাড়ছে কি না, সেই তথ্য প্রশাসনকে অবহিত করুন। এছাড়া আওয়ামী লীগের কোনো পলাতক আসামির কাছে বাসা ভাড়া দেবেন না।”
বিগত দিনগুলোর সামাজিক সহনশীলতাকে প্রতিপক্ষ দুর্বলতা ভেবেছে বলে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাশেদ খান স্পষ্ট করেন, “সামাজিক সম্প্রীতির কথা চিন্তা করে ওদের প্রতি এতদিন নমনীয়তা দেখানোকে ওরা দুর্বলতা মনে করেছে। কিন্তু আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই।”














মন্তব্যসমূহ