ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর অংশে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা আজমেরী পরিবহণের দুটি যাত্রীবাহী বাসে পৃথকভাবে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর ২০২৬) ভোর ও সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দফায় দফায় এ নাশকতার ঘটনা ঘটে। খবর পেয়ে উভয় ঘটনাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকা রুটে চলাচলকারী সজল মিয়া নামের এক পরিবহন ব্যবসায়ীর মালিকানাধীন বাস দুটি দীর্ঘদিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে রাখা ছিল। সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দাঁড়িয়ে থাকা ওই বাস দুটির একটিতে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নির্বাপণ করেন।
এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই একই এলাকার কাজলী ফিলিং স্টেশনের অদূরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর বাসটিতেও একইভাবে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। দ্বিতীয় দফায়ও ফায়ার সার্ভিস দল দ্রুত পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর এবং সন্ধ্যায় লাগা দুটি বাসের আগুনই দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, একই মালিকের এই বাস দুটি গত দুই থেকে তিন মাস ধরে মহাসড়কের পাশে অকেজো অবস্থায় ফেলে রাখা হয়েছিল। যানবাহন দুটির কোনোটিতেই ইঞ্জিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রপাতি ছিল না। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা ফেলে রাখা বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।














মন্তব্যসমূহ