বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ রয়েছে ৩১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩ হাজার ৬০৮ কোটি ২২ লাখ ৫০ হাজার ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩ হাজার ১৫৩ কোটি ২৩ লাখ ডলার।
এর আগের দিন, ২৪ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩ হাজার ৬১০ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ ছিল ৩ হাজার ১৫৫ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার।
২৩ জুন কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩ হাজার ৫৭৯ কোটি ৮১ লাখ ১০ হাজার ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩ হাজার ১২৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার।
এছাড়া ১৭ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩ হাজার ৫৮০ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার। সে সময় আইএমএফের হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ১২৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার।
১৫ জুন কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে রিজার্ভ ছিল ৩ হাজার ৫৬৩ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩ হাজার ১০৮ কোটি ৬ লাখ ১০ হাজার ডলার।
এরও আগে ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ৫৬২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে তখন রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ১০৭ কোটি ৫৭ লাখ ২০ হাজার ডলার। ওই দিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ১০০ কোটি ৫ লাখ ডলারের বাজেট সহায়তার ঋণ দেশে আসার পর রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়।