এশিয়ান গেমসের নারী ক্রিকেটে পদক ছাড়াই অভিযান শেষ করল বাংলাদেশ। ভারতের কাছে সেমিফাইনালে হারের পর ব্রোঞ্জ জয়ের সুযোগও কাজে লাগাতে পারেননি নিগার সুলতানারা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের নিশ্শিনে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪৫ রান করে পাকিস্তান। জবাবে বাংলাদেশ ২০ ওভারে সাত উইকেটে ১১৪ রানে থামে।
পাকিস্তানের হয়ে অধিনায়ক ফাতিমা সানা ৩০ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন। গুল ফেরোজা ২৩ বলে ৩১ এবং আলিয়া রিয়াজ ২২ বলে ২৫ রান যোগ করেন। বাংলাদেশের নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি দুটি করে উইকেট নেন। সানজিদা আক্তার মেঘলা পান একটি উইকেট।
১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম চার ওভারের মধ্যেই তিন উইকেট হারায় বাংলাদেশ। দ্রুত ফিরে যান দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। অধিনায়ক নিগার সুলতানা ৩০ বলে ২৫ রান করলেও দলকে জয়ের পথে ফেরাতে পারেননি।
এক প্রান্তে লড়াই চালিয়ে শারমিন আক্তার ৪৫ বলে অপরাজিত ৪৬ রান করেন। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়ায় লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি।
পাকিস্তানের উম্মে হানি তিন উইকেট নেন। তাসমিয়া রুবাব, ফাতিমা সানা, নাশরা সান্ধু ও আয়েশা জাফর পান একটি করে উইকেট।