শক্তিশালী টাইফুন দুজুয়ানের প্রভাবে পূর্ব জাপানে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে অন্তত দুজন নিহত এবং চারজন নিখোঁজ হয়েছেন। দুর্যোগে ব্যাহত হয়েছে বিমান, রেল ও সড়ক যোগাযোগ। নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিপুলসংখ্যক বাসিন্দাকে।
সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টোকিও ও আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি হয়। চিবা ও কানাগাওয়া প্রিফেকচারে ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটে।
ইজু দ্বীপপুঞ্জের ওশিমায় সোমবার বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৮৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে।
ঝড়ের প্রভাবে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। কিছু রেল ও সড়ক পরিষেবাও বন্ধ রাখতে হয়েছে। পাশাপাশি বহু পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসবিএসের প্রতিবেদনে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির বরাতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ৪৪ মিনিট পর্যন্ত চারটি প্রিফেকচারে প্রায় ৪৯ হাজার ৮০টি পরিবার বিদ্যুৎহীন ছিল।
টাইফুনটি উপকূল থেকে সরে গেলেও দীর্ঘস্থায়ী বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যার ঝুঁকি রয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এএফপি