জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাঁকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তখন বাংলাদেশে মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিট।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। ঢাকা থেকে নিউইয়র্ক যাওয়ার পথে তাঁরা তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে সেখানেই তাঁর অবস্থানের ব্যবস্থা করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিবের আয়োজিত স্বাগত প্রাতঃরাশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা। এরপর তিনি সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে এবং সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনায় অংশ নেবেন।
২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকটবিষয়ক সাইড ইভেন্টে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী। একই দিনে জলবায়ু পরিবর্তন ও ন্যায়সংগত রূপান্তরবিষয়ক উচ্চপর্যায়ের সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ভাষণে গণতন্ত্র, বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে সরবরাহ করা সফরসূচিতে উল্লেখ রয়েছে।
সফরে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বর্তমান সূচি অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা।
সূত্র: বাসস