ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় ঢুকে এক কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, দুর্বৃত্তরা ওই কর্মকর্তার হাত-পা রশি দিয়ে বেঁধে লকারের চাবি নিয়ে নগদ টাকা নিয়ে যায়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষের ভাষ্য, রাত দেড়টার দিকে প্রতিষ্ঠানটির ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই নিজ কক্ষে ঘুমাতে যান। কিছুক্ষণ পর অন্তত তিনজন মুখোশধারী ব্যক্তি কারখানার পেছনের অংশে থাকা টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা লি পেংগুইয়ের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করে। পরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে লকারের চাবি নেয়। এরপর লকারে থাকা প্রায় ৭০ লাখ টাকা নিয়ে তারা পালিয়ে যায়।
লি পেংগুই জানান, বাথরুমের জানালা দিয়ে ঢোকার পর দুর্বৃত্তরা তার গলায় ছুরি ধরে লকারের চাবি চায়। তিনি চাবি দিতে রাজি না হলে তাকে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে লকার থেকে টাকা নিয়ে তারা চলে যায়। দুর্বৃত্তদের মুখে মাস্ক থাকায় তিনি তাদের শনাক্ত করতে পারেননি।
কারখানার আরেক চীনা ব্যবস্থাপকও একই ধরনের অভিযোগ করেছেন। তার ভাষ্য, দুর্বৃত্তরা বাথরুমের গ্রিল কেটে কারখানায় ঢুকে ওই কর্মকর্তাকে জিম্মি করার পর টাকা নিয়ে যায়।
তবে ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, কারখানার যে অংশ দিয়ে দুর্বৃত্তরা প্রবেশ করেছে বলে দাবি করা হচ্ছে, সেখানে সিসিটিভি ক্যামেরা বা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, রাত ২টার দিকে বেলিশ্বর এলাকার ওই ব্যাটারি কারখানায় তিনজন দুর্বৃত্ত প্রবেশের তথ্য পাওয়া গেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এক চীনা নাগরিককে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে।
খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, কারখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি ঘটনায় কারা জড়িত ছিল, তা শনাক্ত করার চেষ্টা চলছে। লুট হওয়া বলে দাবি করা অর্থ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।