রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ২ হাজার ৪৮১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৫২৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৮টি যানবাহন রেকার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্যের বরাত দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী অভিযানের বিস্তারিত জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে উত্তরা বিভাগে। সেখানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ৬৩০টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৩টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজিচালিত অটোরিকশা এবং ২৮৫টি মোটরসাইকেল।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৭৯টি মামলা করেছে ট্রাফিক-মিরপুর বিভাগ। এর মধ্যে ৩৮টি বাস, ২৩টি ট্রাক, ৪২টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১৬৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওয়ারী ট্রাফিক বিভাগে মোট ৩৬১টি মামলা করা হয়। এর মধ্যে ২৯টি বাস, ২৯টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১৫১টি মোটরসাইকেল রয়েছে।
এ ছাড়া মতিঝিল ট্রাফিক বিভাগে ৩২৮টি, গুলশানে ৩১০টি, তেজগাঁওয়ে ১৫০টি, লালবাগে ১৩৯টি এবং রমনা বিভাগে ৮৪টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।