বয়স ও শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকা নানা মন্তব্যের জবাব দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। ‘বিগ বস ২০’-এর মঞ্চে নিজের ফিটনেস নিয়ে কথা বলার পাশাপাশি বডি শেমিংয়ের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন তিনি।
শনিবার প্রচারিত ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে বিষয়টি নিয়ে কথা বলেন সালমান। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার চেহারা, বয়স ও শারীরিক গঠন নিয়ে করা বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে।
সালমান বলেন, অন্য কারও চেহারা বা শরীর নিয়ে মন্তব্য করার আগে মানুষের নিজের দিকে তাকানো উচিত। বয়স বাড়ার সঙ্গে মানুষের চেহারা ও শারীরিক গঠনে পরিবর্তন আসাটাও স্বাভাবিক বলে মনে করেন তিনি।
একপর্যায়ে মঞ্চেই টুপি, জ্যাকেট ও টি-শার্ট খুলে নিজের শরীর দেখান সালমান। মুখের মেকআপও সরিয়ে ফেলেন তিনি। এরপর তাকে নিয়ে যারা মন্তব্য করছেন, তাদের উদ্দেশে অভিনেতা বলেন, সামনে থেকে দেখার পর যেন তার চেহারা ও ফিটনেস নিয়ে কথা বলা হয়।
নিজের বয়সের প্রসঙ্গ টেনে সালমান বলেন, তার বয়স এখন ৬০ বছর। ফলে ক্যারিয়ারের শুরুর দিকের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার সময়কার চেহারা এখনো একই থাকবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।
সালমানের বক্তব্যের সময় ‘বিগ বস’-এর প্রতিযোগীরা হাততালি দিয়ে প্রতিক্রিয়া জানান।
নিজেকে নিয়ে হওয়া ট্রোলিংয়ের পাশাপাশি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে সাম্প্রতিক বডি শেমিং নিয়েও কথা বলেন সালমান। সন্তান জন্মের পর নারীদের শরীরে স্বাভাবিকভাবে পরিবর্তন আসতে পারে উল্লেখ করে এ নিয়ে বিদ্রুপ বা নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানান তিনি।
সালমানের মতে, সন্তান জন্মের পর একজন মায়ের অগ্রাধিকার ও দৈনন্দিন জীবনে পরিবর্তন আসে। তিনি পরিবার ও সন্তানের জন্য সময় দেন। পরে নিজের সুবিধামতো শরীরচর্চা ও ফিটনেসে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। তাই এই সময়ের শারীরিক পরিবর্তনকে কেন্দ্র করে কাউকে কটাক্ষ করা অনুচিত।
একই পর্বে ‘বিগ বস’ প্রতিযোগীদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সালমান। গালাগাল, আপত্তিকর আচরণ এবং অনুষ্ঠানের নিয়ম ভাঙার মতো ঘটনা নিয়ে প্রতিযোগীদের সতর্ক করেন তিনি।
সূত্র: এনডিটিভি