বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে টেস বি. ব্রেসনান বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের নিরাপত্তা কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টাকে অবহিত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ