সাবেক পুলিশ মহাপরিদর্শক ড. এম. এনামুল হক মারা গেছেন। রোববার (৩০ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।রোববার জোহরের নামাজের পর রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকায় বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান, পুলিশ সদস্য, সাবেক সহকর্মী এবং পরিবারের সদস্যরা অংশ নেন।জানাজা শেষে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের পক্ষে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঢাকা মহানগর পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। তাকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় পুলিশ মর্যাদায় শেষ বিদায় জানানো হয়।[BANGVIEWS-POST:4806]ড. এম. এনামুল হক ১৯৯১ সালের ১৬ অক্টোবর থেকে ১৯৯২ সালের ৮ জুলাই পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মজীবনে দক্ষতা, সততা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখেছেন।১৯৩৮ সালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি পরিবারে জন্মগ্রহণ করেন এম. এনামুল হক। উচ্চশিক্ষার প্রতি তার গভীর আগ্রহ ছিল। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স থেকে লোকপ্রশাসনে পিএইচডি ডিগ্রি লাভ করেন।পুলিশি দায়িত্বের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানেও যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেন।১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ইন্টারপোলে বাংলাদেশের নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন ড. এম. এনামুল হক।লেখালেখিতেও সক্রিয় ছিলেন সাবেক এই পুলিশপ্রধান। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪টি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে নিয়মিত লিখতেন তিনি।[BANGVIEWS-POST:4805]পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।এদিকে ড. এম. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও সাবেক আইজিপির মৃত্যুতে শোক জানিয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার ও সংগঠনটির সাধারণ সম্পাদক শামীমা পারভীনের স্বাক্ষরিত শোকবার্তায় তার আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।