দেশের চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, সরকারের কার্যকর তদারকির ফলে বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মানও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকরা অত্যন্ত প্রতিকূলতার মধ্যেও স্বল্প সময়ে দক্ষতার সাথে জটিল অস্ত্রোপচার ও জটিল চিকিৎসাসেবা সফলভাবে সম্পন্ন করছেন। এটি বাংলাদেশের স্বাস্থ্য খাতের সক্ষমতা ও অগ্রগতির বড় প্রমাণ। রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসকদের দক্ষতা, সাহসিকতা ও মানবিক আচরণের প্রশংসা করে তিনি আরও বলেন, চিকিৎসক না হলেও তিনি চিকিৎসকদের পেশাগত মর্যাদাকে গভীরভাবে সম্মান করেন এবং তাঁদের জন্য কাজ করে যেতে চান। কারণ চিকিৎসকদের সরাসরি সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়।
হাসপাতালগুলোর দীর্ঘদিনের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, এ সংকটের স্থায়ী সমাধানে ইতিমধ্যে কয়েক হাজার কোটি টাকার একটি পৃথক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেখানে মেডিকেল বর্জ্য এবং সাধারণ গৃহস্থালি বর্জ্য সম্পূর্ণ আলাদাভাবে আধুনিক প্রযুক্তিতে ব্যবস্থাপনার উদ্যোগ চলমান রয়েছে। তিনি জানান, দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত এবং প্রকৃত অর্থেই জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে তিনি গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এর আগে সকালে মন্ত্রী রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, আধুনিক ই-রেজিস্ট্রেশন ব্যবস্থা, কিউআর কোড ট্র্যাকিং এবং সম্প্রসারিত বহির্বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আয়োজিত সভায় তিনি নিটোরের অবকাঠামোগত ও সেবামূলক উন্নয়নে তাৎক্ষণিকভাবে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দ প্রদানের ঘোষণা দেন। নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ