বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন হ্যারি কেইন। ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও দেশের হয়ে গোলের পর গোল করে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি ব্যালন ডি’অর নিয়েও আলোচনায় উঠে এসেছেন ইংলিশ এই ফরোয়ার্ড।
মৌসুমজুড়ে বায়ার্ন ও ইংল্যান্ডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন কেইন। ধারাবাহিক এই পারফরম্যান্স তাকে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকায় পরিণত করেছে।
তবে ব্যক্তিগত পুরস্কার নিয়ে এখনই খুব বেশি ভাবতে চান না কেইন। তার কাছে ব্যালন ডি’অরের চেয়ে বায়ার্ন মিউনিখের হয়ে দলীয় সাফল্য এবং নতুন মৌসুমে নিজের পারফরম্যান্স ধরে রাখাই বেশি গুরুত্বপূর্ণ।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সাম্প্রতিক পারফরম্যান্স ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন ইংল্যান্ড অধিনায়ক। ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করলেও ব্যক্তিগত অর্জনের পরিবর্তে মাঠে দলের জন্য অবদান রাখার দিকেই মনোযোগ রাখছেন তিনি।
দীর্ঘদিন ধরে ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা গোলস্কোরার হিসেবে পরিচিত কেইন। বায়ার্নে যোগ দেওয়ার পরও তার গোল করার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এবার ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ঘিরেও তার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।