নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতাকে স্মরণে আয়োজিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে প্রদর্শনী উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও সম্ভাব্য হামলার আশঙ্কা জানিয়ে পুলিশ অনুষ্ঠান বন্ধ রাখতে বলায় এ সিদ্ধান্ত নেয় জাদুঘর কর্তৃপক্ষ।
আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শিরোনামে ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বিকেল ৪টায় এর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। প্রদর্শনীটি আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলার পরিকল্পনা ছিল।
জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের।
মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ও প্রাবন্ধিক মফিদুল হক জানান, অনুষ্ঠান আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের কিছু আগে পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দেয়। পুলিশ সেখানে হামলার আশঙ্কার কথা জানায়।
তিনি বলেন, জাদুঘরে অনেক মূল্যবান নিদর্শন সংরক্ষিত রয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তার স্বার্থে প্রদর্শনী স্থগিত করা হয়েছে। এটি পরবর্তী সময়ে আয়োজন করা হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, অনুষ্ঠানস্থলে নিরাপত্তাজনিত ঘাটতি ছিল। ফ্যাসিস্টের দোসরেরা সেখানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছিল পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ সদস্যরা জাদুঘরে গিয়ে কর্তৃপক্ষকে অনুষ্ঠান বন্ধ রাখার কথা জানান। পরে জাদুঘর কর্তৃপক্ষ প্রদর্শনী স্থগিত করে।
মন্তব্যসমূহ