স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ফারুক আহমেদ ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গত ৪ জুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পান তিনি।
পরবর্তীতে গত ৭ জুলাই হাইওয়ে পুলিশের দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। পেশাগত জীবনে তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এসব কর্মসূচির মাধ্যমে তিনি পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন।
নতুন দায়িত্বে তাঁর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্যসমূহ