দেশের উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে শত শত এক্স-রে ও আলট্রাসাউন্ড মেশিন দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর টেবিলে এ তথ্য উপস্থাপন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ের ৩১০টি হাসপাতালে প্রায় ৪৮৫টি এক্স-রে মেশিন অকেজো রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ মেশিন মেরামতের অযোগ্য, আর বাকি ৬০ শতাংশ মেরামতের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের ২৫২টি হাসপাতালে প্রায় ৩৯৫টি আলট্রাসাউন্ড মেশিন অকেজো অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৩৫ শতাংশ মেশিন মেরামত করা সম্ভব নয়, তবে অবশিষ্ট ৬৫ শতাংশ মেশিন মেরামতযোগ্য এবং সেগুলোর সংস্কারের জন্য টেন্ডার কার্যক্রম চলছে।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমআরআই, সিটি স্ক্যান, ডায়ালাইসিস ও আইসিইউসহ ভারী চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। তবে বর্তমান সরকার এ প্রক্রিয়া পুনরায় চালু করেছে এবং বর্তমানে চারটি এমআরআই মেশিন ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে।
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত চিকিৎসকের পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে।
এদিকে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার ক্রমেই বাড়ছে এবং এটি একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে।
তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ও অতিরিক্ত ব্যবহার, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং মানব ও প্রাণী খাতে অ্যান্টিমাইক্রোবিয়ালের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে এ সমস্যা আরও জটিল হয়ে উঠছে। ফলে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে এবং চিকিৎসা কার্যক্রমও কঠিন হয়ে যাচ্ছে।
মন্ত্রী জানান, জীবাণু শনাক্তকরণ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নির্ণয়ের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।