টানা দরপতনের পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি প্রধান মূল্যসূচকেও বড় লাফ এসেছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে।
এর আগের দিন সোমবার টানা দরপতনের কারণে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
মঙ্গলবার লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল। দিনের শেষ পর্যন্ত এ প্রবণতা বজায় থাকায় শক্তিশালী উত্থান দিয়েই লেনদেন শেষ হয়।
দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩৬টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২১টির দর কমেছে এবং ৩৭টির দাম অপরিবর্তিত ছিল।
১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ‘এ’ শ্রেণির কোম্পানিগুলোর মধ্যে ১৭১টির শেয়ারদর বেড়েছে। ১০টির দর কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।
১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ‘বি’ শ্রেণির ৭৪টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এ গ্রুপের কোনো কোম্পানির শেয়ারদর কমেনি।
লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ শ্রেণিতে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৯১টির শেয়ারদর বেড়েছে, ১১টির কমেছে এবং ১৬টির দাম অপরিবর্তিত ছিল।
মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬টির দর বেড়েছে, দুটির কমেছে এবং ১৫টির মূল্য অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ পয়েন্টে উঠেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩ পয়েন্টে।
ডিএসইতে মঙ্গলবার মোট ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৩১ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ১৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ১৯ কোটি ২৫ লাখ টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স। আর ১৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল ইস্টার্ন ব্যাংক।
লেনদেনের দিক থেকে শীর্ষ তালিকায় আরও ছিল শার্প ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং ও প্যারামাউন্ট টেক্সটাইল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির দাম বেড়েছে, ৬১টির কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত ছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়েছে। বাজারটিতে মোট ১৯ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৩৪ লাখ টাকা।