ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি শারীরিক অসুস্থতার মধ্যেও ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর কাজ চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার গলার অস্ত্রোপচার জরুরি হলেও ধারাবাহিকটির কাজ শেষ করার আগে তিনি সার্জারি করাতে চান না।
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচার হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। প্রতি মাসে নিয়মিত আটটি করে নতুন এপিসোড প্রকাশের পরিকল্পনা রয়েছে। এখন অস্ত্রোপচার করালে দীর্ঘ সময় শুটিং থেকে দূরে থাকতে হবে অমিকে, ফলে ধারাবাহিকটির নিয়মিত সম্প্রচার ব্যাহত হতে পারে।
এ কারণেই আপাতত চিকিৎসা কিছুটা পিছিয়ে দিয়ে কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এক ভিডিও বার্তায় অমি বলেন, ‘এই অবস্থায় সার্জারি করলে লম্বা সময় আমাকে সবকিছু থেকে দূরে থাকতে হবে। এজন্য সিদ্ধান্ত নিয়েছি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ করে তারপর সার্জারি করাবো। সবার কাছে দোয়া চাই, যেন সিরিয়াল শেষ করে সফলভাবে সার্জারি সম্পন্ন করে সুস্থ হতে পারি।’
গত জুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাজল আরেফিন অমি। একপর্যায়ে তার কণ্ঠস্বর প্রায় বন্ধ হয়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।
পরীক্ষার পর জানা যায়, তার ভোকাল কর্ডে পলি সিস্ট রয়েছে। সে সময় চিকিৎসক তাকে সাত দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পাশাপাশি কথা বলা থেকেও বিরত থাকার পরামর্শ দেন।
প্রাথমিক চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও তিন মাস পরও সমস্যাটি পুরোপুরি সেরে যায়নি। পরে চিকিৎসকরা স্থায়ীভাবে সুস্থ হওয়ার জন্য দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।
তবে দর্শকের প্রতি প্রতিশ্রুতি এবং চলমান ধারাবাহিকের কাজের কথা বিবেচনা করে অস্ত্রোপচার কিছুটা পিছিয়ে দিয়েছেন অমি।