সপ্তাহজুড়ে শেয়ারবাজারে দরপতনের প্রভাবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন থেকে কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই মূল্যসূচক নিম্নমুখী ছিল। তবে সূচক ও বাজার মূলধন কমলেও সপ্তাহটিতে বেড়েছে লেনদেনের পরিমাণ।সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই অঙ্ক ছিল ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা।দরপতনের চিত্র দেখা গেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫০টির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ১০৯টির এবং ২৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমেছে। পাশাপাশি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক ১৯ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ এবং বাছাই করা ভালো কোম্পানির ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ হারিয়েছে।দরপতনের বিপরীতে লেনদেনের পরিমাণে ছিল ইতিবাচক প্রবণতা। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৪৫০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৮৫ কোটি ২০ লাখ টাকা। ফলে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৮৭ লাখ টাকা, যা শতকরা হিসাবে ১৩ দশমিক ৮৮ শতাংশ।লেনদেনের পরিমাণ বিবেচনায় গত সপ্তাহে শীর্ষে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতিদিন গড়ে ২০ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৬৬ শতাংশ।দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে ২০ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৬৪ লাখ টাকা দৈনিক গড় লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক।লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে সিটি ব্যাংক, সায়হাম টেক্সটাইল, মতিন স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা ও শাহজিবাজার পাওয়ার।