আগামী ১৭ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় এবং নির্বাচন কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হবে।
তিনি জানান, এসব ইনপুট পাওয়ার পর নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।
নির্বাচনের তারিখ নির্ধারণে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর প্রয়োজনীয় মতামত পাওয়া গেলে কমিশন এ বিষয়ে বিস্তারিত জানাবে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এর আগে কী ধরনের আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, আলোচনা একটি চলমান প্রক্রিয়া। তবে কার সঙ্গে কখন এবং কীভাবে আলোচনা হয়েছে, সে বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের বিষয়ে পাল্টা মন্তব্য করতেও অস্বীকৃতি জানান ইসি সচিব।
তিনি বলেন, ‘উনি যেটা বলেছেন সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না। নো কমেন্টস ফ্রম মাই সাইড।’
এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না।
১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।