জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, আসিফ নজরুল সরকারের ভেতরে বিভিন্ন জটিলতা তৈরি করেছেন এবং একাধিক বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ নজরুলের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘আসিফ নজরুল দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী।’ তবে শিক্ষক হিসেবে তিনি আসিফ নজরুলকে সম্মান করেন বলেও উল্লেখ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল তাকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।
এ বিষয়ে তিনি বলেন, ‘সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল আশ্বস্ত করেছিলেন। তিনি প্রতিশ্রুতি রাখেননি। আমি আসিফ নজরুলকে এ জন্য দেখতে পারি না। তিনি আমাকে বলেছিলেন, সরকার গঠন হওয়ার পরে রাষ্ট্রপতিকে সরাবেন।’
সরকার গঠনের সময় বিভিন্ন বিষয়ে আসিফ নজরুল ‘ভেতরে ভেতরে ঘুঁটি খেলেছেন’ বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তার ভাষ্য অনুযায়ী, ঘোষণাপত্র ও জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময় আসিফ নজরুল নানা পরিবর্তনের চেষ্টা করেছিলেন।
নাসীরুদ্দীন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে আসিফ নজরুল উপস্থিত ছিলেন। সেনানিবাসে যাওয়ার সময় তিনি নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন বলেও দাবি করেন নাসীরুদ্দীন।
তিনি আরও বলেন, বঙ্গভবনে যাওয়ার সময় আসিফ নজরুলকে ভেতরে নেওয়া হয়নি এবং তাকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল। নাসীরুদ্দীনের দাবি, ‘তিনি ভেতরে গেলে সেদিন সরকারই গঠন হতো না।’
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুলের গবাদিপশু পালনের প্রসঙ্গ টেনে সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘তিনি (আসিফ নজরুল) ইন্টেরিমের টাইমে ছাগল পালতে যাবেন কেন, গরু পালতে যাবেন কেন?’
নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব বক্তব্যের বিষয়ে আসিফ নজরুলের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।