ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের গলায় থাকা কার্ডে ছবি না থাকার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দেলাওয়ার হোসেন।
তিনি বলেন, “ভোটকেন্দ্রে এসে প্রথমেই আমার কাছে যে বিষয়টি উদ্বেগজনক মনে হয়েছে, প্রিজাইডিং অফিসারের কার্ডে কোনো ছবি নেই। যতটুকু শুনলাম, সহকারী প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের গলার কার্ডেও ছবি নেই।”
কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে ছবি না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের এই প্রার্থী বলেন, “যিনি এখানে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করছেন তার যদি ছবি না থাকে তাহলে কীভাবে বুঝব উনিই ওই ব্যক্তি, অন্য ব্যক্তিও তো এখানে প্রক্সি দিতে পারেন, এটি খুবই উদ্বেগজনক।”
বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে দ্রুত সমাধানের অনুরোধও জানান তিনি।
নির্বাচনের পরিবেশ নিয়ে দেলাওয়ার হোসেন বলেন, “যেহেতু দলীয় সরকারের অধীনে এই নির্বাচন হচ্ছে সেহেতু পুরোটাই নির্ভর করছে সরকার এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন এবং প্রশাসনের ওপরে। যদি সরকার প্রশাসন। নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন সবাই মিলে যদি আন্তরিক হন সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন, তাহলে সম্ভব সুষ্ঠু নির্বাচন হওয়া।”
এদিকে, হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাকওয়াত হোসেনও কার্ডে ছবি না থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন যেহেতু ঘর দিয়েছেন তাহলে ছবি দেওয়া দরকার। আপনারা নিশ্চিত হতে চাইলে ভোটার আইডিকার্ড দেখতে পারেন। ছবি যেহেতু নাই আমি চেষ্টা করছি ছবি নিয়ে আসার।”
মন্তব্যসমূহ