চীনের রাজধানী বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে লিউ হাইক্সিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাধিক চীন সফরের কথা স্মরণ করেন এবং জানান, ২০০১ সালে তার চীন সফরের একটি স্মারক ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
আলোচনায় বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়টিও উঠে আসে। লিউ হাইক্সিং দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশেষভাবে গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
চীনা প্রতিনিধি দল বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রমে তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের অংশগ্রহণ এবং চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও গভীর হবে বলে তিনি আশাবাদী।
জবাবে লিউ হাইক্সিং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে আশাবাদ প্রকাশ করেন এবং তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ আরও উন্নত সুযোগ-সুবিধা পাবে বলে মন্তব্য করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
চীনের পক্ষ থেকে আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ান, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
মন্তব্যসমূহ