জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তার সফর সফল করতে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নিউইয়র্কে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটসে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় যুক্তরাষ্ট্র বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট ও জিল্লুর রহমান জিল্লু, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক সাইফুর খান হারুন এবং যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম দীপু।
সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সহসম্পাদক খোরশেদ আলম ও কেন্দ্রীয় সদস্য নুর আলম।
বক্তারা বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সফরটি নিরাপদ ও সফল করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ও জাতিসংঘের কর্মসূচিকে সামনে রেখে অভ্যর্থনা এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।