আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সুযোগ চেয়েছেন ভারতের মৎস্য ব্যবসায়ীরা। ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে কলকাতাভিত্তিক ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
শুক্রবার পাঠানো চিঠিতে সংগঠনটি বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানির সুযোগ দেওয়ার অনুরোধ জানায়।
ভারতীয় আমদানিকারকদের দাবি, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে তারা বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতেন। তবে ২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করার পর নিয়মিত আমদানি বন্ধ হয়ে যায়।
এরপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছেন ভারতীয় ব্যবসায়ীরা। ২০১৯ সাল থেকে দুর্গাপূজাকে সামনে রেখে সীমিত সময়ের জন্য ভারতে ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়ে আসছে বাংলাদেশ।
তবে আমদানিকারক সংগঠনটির মতে, বছরে মাত্র কয়েক সপ্তাহ বা এক মাসের জন্য বিশেষ অনুমতি ব্যবসায়িকভাবে যথেষ্ট নয়। এ কারণে তারা নিয়মিতভাবে ইলিশ আমদানির সুযোগ চেয়েছে।
চিঠিতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের ঐতিহাসিক সম্পর্কের কথাও তুলে ধরা হয়েছে। সংগঠনটি বলেছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে।
ভারতীয় ব্যবসায়ীরা আশা করছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
দুর্গাপূজার আগে ভারতে ইলিশ রপ্তানির বিষয়টি প্রতিবছরই দুই দেশের ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে আলোচনায় আসে। এবারও উৎসবের আগে বাংলাদেশের ইলিশের সরবরাহ নিশ্চিত করতে আগেভাগেই সরকারের কাছে আবেদন জানিয়েছেন ভারতীয় আমদানিকারকরা।
সূত্র: এএনআই