চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে সিএমএইচে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে অবহিত হন।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় ক্যাপ্টেন মহিউদ্দিন গুরুতর আহত হন। একই ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন।
দুর্ঘটনার পর ক্যাপ্টেন মহিউদ্দিনকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।
দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্য হলেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিক পিয়াস।
এদিকে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনায় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।