প্রয়োজনীয় খরচ মেটাতে ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ দেওয়ার নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এই সুবিধা রোববার (৬ সেপ্টেম্বর) চালু হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, নগদ অর্থের সাময়িক সংকট মোকাবিলা এবং ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই সুবিধার আওতায় যোগ্য গ্রাহকরা ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ঋণের অর্থ সরাসরি অনুমোদিত ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ব্যবহার করতে হবে। কোনোভাবেই নগদ উত্তোলন বা ব্যাংক হিসাব কিংবা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) ওয়ালেটে জমা করা যাবে না।
বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, শিক্ষা ও চিকিৎসা খরচ, ভ্রমণ ব্যয়, সরকারি ফি, ঋণের কিস্তি ও বিমার প্রিমিয়াম পরিশোধে এই ঋণ ব্যবহার করা যাবে।
প্রাথমিকভাবে ছয় মাস পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালাবে ব্যাংকগুলো। পাইলট কার্যক্রমের ফলাফল পর্যালোচনার পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে এটি বাণিজ্যিকভাবে চালু করা হবে।
ঋণ পরিশোধের জন্য গ্রাহকরা ৭, ১৫ ও ৩০ দিনের সময় পাবেন। সুদের পরিবর্তে ব্যাংক নির্ধারিত সেবা ফি নেওয়া হবে।
৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭ দিনের জন্য সর্বোচ্চ ৩ টাকা, ১৫ দিনের জন্য ৪ টাকা এবং ৩০ দিনের জন্য ৬ টাকা সেবা ফি নেওয়া যাবে।
অন্যদিকে ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭ দিনের জন্য সর্বোচ্চ ৩৫ টাকা, ১৫ দিনের জন্য ৭০ টাকা এবং ৩০ দিনের জন্য ১৩০ টাকা পর্যন্ত সেবা ফি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে অতিরিক্ত কোনো সুদ বা আগাম পরিশোধ ফি দিতে হবে না। তবে সময় পার হলে জরিমানা আরোপ করা যেতে পারে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহক নিবন্ধন থেকে শুরু করে ঋণ অনুমোদন, অর্থ পরিশোধ ও ফেরত নেওয়ার পুরো প্রক্রিয়াই ডিজিটালভাবে সম্পন্ন করতে হবে। নিরাপত্তার জন্য ওটিপি, দুই স্তরের যাচাইসহ বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা ব্যবহার বাধ্যতামূলক করা হবে।
ব্যাংকগুলো এ সুবিধা পরিচালনায় মোবাইল আর্থিক সেবাদাতা, পেমেন্ট সেবা প্রদানকারী ও ফিনটেক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের আশা, নতুন এই ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়বে এবং জরুরি প্রয়োজনে মানুষ সহজে ছোট অঙ্কের স্বল্পমেয়াদি ঋণ পাওয়ার সুযোগ পাবেন।