দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বিএনপির ইতিহাস গভীরভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যখনই বাংলাদেশ বড় কোনো সংকটে পড়েছে, বিএনপি তখনই দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত।
তিনি বলেন, বিএনপি কখনো গোপন রাজনীতির পথে হাঁটেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দলটি সব সময় প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে এবং প্রয়োজন হলে রাজপথে থেকেছে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো জ্বালানি সংকট। এ সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
তবে পরিকল্পনার সুফল পেতে কিছুটা সময় প্রয়োজন হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার শুধু বর্তমান সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে না, ভবিষ্যতে যেন একই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়েও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তারেক রহমান বলেন, অতীতের স্বৈরাচারী সরকারের সময় তৈরি হওয়া সমস্যা কিংবা অন্তর্বর্তী সরকারের সময়ে সৃষ্টি হওয়া জটিলতা, সবকিছুরই সমাধান করার চেষ্টা করছে বর্তমান সরকার।
জ্বালানি সংকটকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকার সবার রয়েছে, তবে সেই অধিকার ব্যবহার করে কেউ অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক রাজনৈতিক দল ও ব্যক্তিকে নিজেদের গণতান্ত্রিক ও আইনি সীমার মধ্যে থেকে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের ভোটে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দলটি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। ভবিষ্যতেও জনগণের আস্থা ধরে রাখতে বিএনপিকে দায়িত্বশীল রাজনীতি করতে হবে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। চলতি বছর দলটির প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বিএনপি পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে।