ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি অস্ত্রের গুদামে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪২ জন, যাদের মধ্যে চারজন শিশু। বিস্ফোরণের পর প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে কিয়েভের বুচা জেলার মিলা গ্রামে এই হামলা হয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি রুশ ড্রোন অস্ত্রের গুদামে আঘাত হানার পর সেখানে থাকা গোলাবারুদ, মাইন ও ড্রোনসহ বিভিন্ন সামরিক সরঞ্জামে একের পর এক বিস্ফোরণ শুরু হয়। এতে আশপাশের প্রায় ১৩০টি বাড়ি এবং অন্যান্য বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আবাসিক এলাকার এত কাছে গোলাবারুদ ও বিস্ফোরক সংরক্ষণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনাটিকে গুরুতর অবহেলা হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছেন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থাও এ ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের দাবি, মিলা গ্রামের ওই স্থাপনায় দূরপাল্লার ড্রোনের যন্ত্রাংশ ও উৎক্ষেপণ সরঞ্জামসহ সামরিক অবকাঠামো ছিল।
হামলার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘরের জানালা ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকাজ চলার সময়ও কিছু এলাকায় বিস্ফোরণের ঝুঁকি থাকায় বাসিন্দাদের সরিয়ে রাখা হয়।
এটি কিয়েভ অঞ্চলে সাম্প্রতিক সময়ে আবাসিক এলাকার কাছে অস্ত্রের গুদামে হামলার দ্বিতীয় বড় ঘটনা। এর আগে জুলাইয়ে ভিশনেভে একই ধরনের একটি ঘটনায় নয়জন নিহত এবং ২৮০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ