ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে চীন। বেইজিং জানিয়েছে, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিম এশিয়ার চলমান সংকটের সমাধান করা সম্ভব নয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর চাপ বাড়ানোর পরিবর্তে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধের নীতি ঘোষণা করেছেন। তার ঘোষিত নীতির আওতায় ইরানের সঙ্গে ব্যবসা বা আর্থিক লেনদেন অব্যাহত রাখা যেকোনো দেশ বা প্রতিষ্ঠানকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন।
ইরানের অর্থনীতিকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করার এই উদ্যোগে চীনের সহযোগিতা চেয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বেইজিংকে এ প্রচেষ্টায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে চীন সেই আহ্বানে সাড়া না দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
লিন জিয়ান বলেন, নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগ কোনো সমস্যার কার্যকর সমাধান দিতে পারে না। সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ এবং রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করার আহ্বান জানান তিনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকিকে অবৈধ ও অমানবিক বলে সমালোচনা করেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন পদক্ষেপের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে এটিকে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।
ইরানের অর্থনীতিতে চীন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে ভূমিকা পালন করে আসছে। তবে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেও বেইজিং সতর্ক কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে এবং দুই দেশের সঙ্গেই যোগাযোগের পথ খোলা রেখেছে।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ