অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বিবিসিকে আভাস দিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দুই দেশের সম্পর্কের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঢাকার বর্তমান মনোভাবের বার্তা দিল্লিতে পৌঁছে দেওয়াই দীনেশ ত্রিবেদীর সফরের অন্যতম উদ্দেশ্য।
এর আগে সোমবার রাতের ফ্লাইটে ঢাকা থেকে দিল্লি পৌঁছান তিনি। তবে তার এ সফর নিয়ে বাংলাদেশে ভারতীয় দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে এবং যার নিয়োগ চূড়ান্ত করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।
এ কারণে দিল্লি সফরে তিনি সাধারণত সরাসরি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেন। অন্য ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারের সফরেও সেই রীতির ব্যতিক্রম হয়নি।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনেক দূর এগোলেও এখন পর্যন্ত সফরটি বাস্তবায়িত হয়নি।
দুই দেশের সম্পর্কে অস্বস্তির আরেকটি বিষয় হয়ে রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি। তাকে ফেরত পাঠাতে ঢাকার দাবি দীর্ঘদিন ধরে দিল্লির কাছে ঝুলে রয়েছে।
একই সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়েও দুই সরকারের আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। ৩০ বছর মেয়াদি গুরুত্বপূর্ণ এই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
সূত্র: বিবিসি।
মন্তব্যসমূহ