নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই নির্ধারিত মানে ছাপা হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করতে কুমিল্লার দাউদকান্দিতে ‘ফরাজী প্রেস অ্যান্ড পাবলিকেশন্স’ পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।
মঙ্গলবার (৬ অক্টোবর) পূর্বঘোষণা ছাড়াই প্রেসটিতে যান শিক্ষামন্ত্রী। সেখানে তিনি পাঠ্যবই ছাপার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের সময় বইয়ের গুণগত মান ও মুদ্রণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন ড. আ ন ম এহছানুল মিলন। শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার জন্য ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাঠ্যবইয়ের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে নিম্নমানের বই সরবরাহের সঙ্গে যারা জড়িত থাকবেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।
পরিদর্শনের সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ