বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি বছর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিদের বিভিন্ন অনিয়ম, আর্থিক জটিলতা এবং সাম্প্রতিক বছরগুলোর লোকসানের বিষয় বিবেচনা করে টুর্নামেন্টটি নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিসিবি জানিয়েছে, তাড়াহুড়ো করে আয়োজনের পরিবর্তে সবকিছু ঠিকঠাক করে আগামী বছর আরও কার্যকরভাবে বিপিএল আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে বোর্ডের। তার মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে আয় হওয়ার কথা থাকলেও বর্তমান ব্যবস্থাপনায় উল্টো আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বিসিবিকে।
তামিম ইকবাল বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পরিচালনায় নিয়ম-শৃঙ্খলা ও আর্থিক দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। সমস্যাগুলো সমাধান না করে লোকসান দিয়ে টুর্নামেন্ট আয়োজন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নেই।
তিনি আরও বলেন, বিপিএল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। বরং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ও সফল টুর্নামেন্ট হিসেবে গড়ে তুলতে সময় নিয়ে কাজ করতে চায় বিসিবি।
বিসিবি সভাপতি জানান, প্রয়োজন হলে ছয় মাস বা এক বছর সময় নিয়ে হলেও টুর্নামেন্টের কাঠামো, ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা এবং অন্যান্য বিষয়গুলো নতুন করে সাজানো হবে।
তার ভাষ্য, বিপিএলকে এমনভাবে আয়োজন করতে হবে যাতে এটি দেশের ক্রিকেটের জন্য লাভজনক ও মর্যাদাপূর্ণ একটি আসর হয়ে ওঠে।
মন্তব্যসমূহ