মাত্র ১৭ বছর ৫ দিন বয়সে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে গোল করে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল করে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক গোলদাতা হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার।
রোববার সকালে মেক্সিকোকে ৩-০ গোলে হারায় যুক্তরাষ্ট্র। ম্যাচের ৬২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন সুলিভান।
গোলটির ক্ষেত্রে মেক্সিকোর গোলরক্ষকের ভুলও ছিল। সতীর্থের উদ্দেশে পাস বাড়ানোর পর লম্বা পা বাড়িয়ে বলের নিয়ন্ত্রণ নেন সুলিভান। এরপর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান তিনি।
এই গোলের মাধ্যমে মাত্র কয়েক দিন আগে সতীর্থ ম্যাথিস আলবার্টের গড়া রেকর্ড ভেঙে দেন সুলিভান। গত মঙ্গলবার চিলির বিপক্ষে ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করেছিলেন আলবার্ট। চার দিনের ব্যবধানেই সেই রেকর্ড নিজের করে নিলেন সুলিভান।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচ জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছিলেন ১৭ বছর ২৫৩ দিন বয়সে।
রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত সুলিভান বলেন, ‘এটা অনেকটা স্বপ্নের মতো। শুধু গত কয়েক দিন নয়, বরং সারা জীবন ধরেই আমি এই মুহূর্তটির আকাঙ্ক্ষা করেছি। এই উদযাপনের প্রতিটি মুহূর্তই দারুণ। আমার ও আমার পরিবারের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত। আর সবচেয়ে বড় কথা হলো, দলের জন্য এটি একটি দুর্দান্ত জয় এবং এমন এক পরিবেশে এই জয় পাওয়াটা সত্যিই অসাধারণ।’
নিজের প্রথম আন্তর্জাতিক গোলের মুহূর্তটিও বর্ণনা করেছেন ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘(গোলের পর) যেন সবকিছু হঠাৎ ঝাপসা হয়ে গেছে। শুধু মনে আছে, বলটা চিপ করেছিলাম। আশা করছিলাম, ক্রসবারে লাগবে না বা ওপর দিয়ে চলে যাবে না। বলটা যখন আকাশে ছিল, তখন একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। এরপর সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল।’
কাভান সুলিভানের পাশাপাশি মেক্সিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে একটি করে গোল করেন ১৮ বছর বয়সী জুলিয়ান হল ও মালিক টিলম্যান।
ম্যাচ শেষে সুলিভানের সামর্থ্যের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। তিনি বলেন, ‘সুলিভান একজন যোদ্ধা। এমন খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন। সে বল পায়ে অসাধারণ। ওর বল দখলে রাখার যে অসাধারণ দক্ষতা, তা অবিশ্বাস্য। এমন একজন খেলোয়াড় দলে থাকা দারুণ ব্যাপার। যুক্তরাষ্ট্রের জন্য এটি অসাধারণ খবর। আশা করি, সুলিভান এভাবেই এগিয়ে যাবে এবং আরও উন্নতি করবে।’
১৭ বছর পূর্ণ করার কয়েক দিনের মধ্যেই নতুন এই রেকর্ড গড়লেন সুলিভান। এর আগেও যুক্তরাষ্ট্রের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে জাতীয় দলের শুরুর একাদশে জায়গা করে নেওয়ার কীর্তি রয়েছে তার।
মন্তব্যসমূহ