ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছর বয়সী সন্তান স্বর্ণ শীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৪)।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতে যান। পরে চিকিৎসার উদ্দেশ্যে পরিবারের সদস্যরা কলকাতায় অবস্থান করছিলেন। সেখানেই আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তারা প্রাণ হারান।
নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। তার শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়।
দেবাশীষ দত্তের আরও একটি আট বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। এছাড়া তার বাবা-মাও জীবিত আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং তদন্ত শুরু করেছে।
মন্তব্যসমূহ