মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হলে ইসরায়েল রাষ্ট্র হিসেবে টিকে থাকা নিয়ে ঝুঁকিতে পড়তে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ।
রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বুধবার (১৯ আগস্ট) তাসের প্রতিবেদনে তার বক্তব্য প্রকাশ করা হয়।
রুশ সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার আলাউদিনভ বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বড় আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।
তার দাবি, ইসরায়েলের লক্ষ্য হলো সংঘাতকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোট সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে।
আলাউদিনভ বলেন, ইসরায়েল এ ধরনের পরিস্থিতি তৈরিতে দক্ষ হলেও শেষ পর্যন্ত নিজেদের সামরিক সক্ষমতাকে অতিমূল্যায়ন করতে পারে। এর ফলে দেশটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
তবে রুশ জেনারেলের এই বক্তব্য তার ব্যক্তিগত মূল্যায়ন হিসেবে এসেছে। ইসরায়েলের রাষ্ট্র হিসেবে বিলুপ্তির বিষয়ে রাশিয়া বা কোনো আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পূর্বাভাস দেওয়া হয়নি।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরে জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও পরবর্তীতে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়।
এরপর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেয় এবং হরমুজ প্রণালি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা বিবেচনায় হামলার পরিকল্পনা স্থগিত করার কথা জানান। তবে আলাউদিনভের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।
সূত্র: তাস
মন্তব্যসমূহ