ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে কলকাতার ‘শিখা ইন’ নামের ওই আবাসিক হোটেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহত ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের ধোঁয়া দ্রুত হোটেলের বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টের কারণে হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানার জন্য তদন্ত চলছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
মন্তব্যসমূহ