ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার দ্বিতীয় দিনেই সুইজারল্যান্ড ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং পরবর্তী ধাপে কারিগরি দলগুলো কাজ চালিয়ে যাবে।
ভ্যান্স বলেন, সুইজারল্যান্ড সুন্দর হলেও তিনি সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন না। শিগগিরই তিনি যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে ফিরবেন। তবে সংশ্লিষ্ট কারিগরি দলগুলো যথাযথ তত্ত্বাবধানে আলোচনা এগিয়ে নেবে, যাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো অর্জন করা যায়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র এমন একটি প্রক্রিয়া তৈরি করতে চায়, যাতে ভবিষ্যতে ইরানের কোনো সম্পদ অবমুক্ত করা হলে তা ইরানের জনগণের কল্যাণে ব্যবহৃত হয়। সেই অর্থ যেন কোনোভাবেই সন্ত্রাসবাদে অর্থায়নের কাজে ব্যবহার না হয়, তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।
ইরানে জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের ফিরে যাওয়ার বিষয়টিকেও স্বাগত জানান ভ্যান্স। তিনি বলেন, প্রাথমিক সমঝোতা বাস্তবায়ন হচ্ছে কি না, তা যাচাই করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা ইরানে ফিরবেন। যুক্তরাষ্ট্র আশা করছে, এই প্রক্রিয়ার মাধ্যমে একটি চূড়ান্ত চুক্তি ও স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
ভ্যান্স জানান, জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের অগ্রগতি নিয়ে জানাতে তিনি গভীর রাতে ফোন করেছিলেন, তবে কেউ সাড়া দেননি। তিনি বলেন, ভোর দুইটার সময় খুব কম মানুষই ফোন ধরেন। তবে এই সপ্তাহের মধ্যেই পরিদর্শকদের বিষয়ে অগ্রগতি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, আলোচনার একপর্যায়ে ইরানি প্রতিনিধিদল বৈঠক ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তারা আলোচনা থেকে সরে যায়নি। বরং রাত গভীর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কারিগরি দলের সঙ্গে কাজ চালিয়ে গেছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি আলোচনা শুরু হয়েছে। সোমবার (২২ জুন) তিনি বলেন, ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
সূত্র: সিএনএন
মন্তব্যসমূহ