ওমানের উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক নাবিক নিহত হয়েছেন। জাহাজটিতে থাকা বাকি ১৩ ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে ওমানের কোস্টগার্ড। এ ঘটনায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ওমানের লিমাহ উপকূলের কাছে এমএসভি আল জুসুফি নামের জাহাজটিতে হামলা হয়।
হামলার সময় জাহাজটিতে মোট ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত হন এবং পরে মারা যান। অন্য ১৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় জাহাজ চলাচলবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, জাহাজটি ওমান উপকূলের কাছে চলার সময় অজ্ঞাত একটি আকাশপথের বস্তু দিয়ে আঘাত করা হয়।
নিহত নাবিকের নাম গান্ধার নাহিম আজিজ। তিনি ভারতের গুজরাটের বাসিন্দা।
তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
হামলায় ভারতীয় নাবিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস উদ্ধার হওয়া ১৩ নাবিককে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে।
একই সঙ্গে নিহত নাবিকের মরদেহ ভারতে পাঠানোর জন্য ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় চলছে।
দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।
এমএসভি আল জুসুফিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
ভারত আঞ্চলিক উত্তেজনা দ্রুত কমানো এবং চলমান আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ এবং আন্তর্জাতিক জলপথে বাধাহীন নৌচলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
সূত্র : গালফ নিউজ
মন্তব্যসমূহ