১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালন করেছেন এসবি, সিটিটিসি ও রেলওয়ে রেঞ্জে
বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মীর আশরাফ আলী। পেশাগত দক্ষতা, সততা ও দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করা হয়েছে।
মীর আশরাফ আলী ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তার বাড়ি বগুড়া সদর উপজেলায়। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা।
তার কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় হলো পদোন্নতি বঞ্চনা। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত পুলিশ সুপার পদে প্রায় ১৬ বছর পদোন্নতিবঞ্চিত ছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে ডিআইজি পদে উন্নীত হন।
এর আগে তিনি প্রায় দুই বছর স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এসবি ও সিটিটিসিতে দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দেন তিনি। কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) লাভ করেন।
পরবর্তী সময়ে তিনি রেলওয়ে রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এবার রাজশাহী রেঞ্জের নেতৃত্বে আসছেন তিনি।
শিক্ষাজীবনে মীর আশরাফ আলী বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, গোয়েন্দা কার্যক্রম, সন্ত্রাসবাদ দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে কাজের অভিজ্ঞতা নিয়ে রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে মীর আশরাফ আলীর দায়িত্ব গ্রহণকে ঘিরে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে।
মন্তব্যসমূহ