রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একই দিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর থেকে দুপুরের মধ্যে কালুখালী ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নজরুল ইসলাম (২৮) ঘটনাস্থলেই মারা যান। নিহত চালক বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
এরপর দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এর একটি ট্রাকে গবাদিপশু বহন করা হচ্ছিল। দুর্ঘটনায় প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারী আহত হন।
এ ছাড়া দুপুর ১টার দিকে কালুখালীর পাইকারা এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত আট যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক এবং সহকারীরা পালিয়ে যান।
আহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদরের ডা. মো. সৈকত হানাস (৪০), জান্নাতুল (৫০), কুমারখালীর বিপ্লব (২৯), শামীম (৩৫), হরিপুরের উজ্জল (৩২), জুলিয়ার আলমঙ্গীর (৪৪), পাংশার আব্দুস সাত্তার (৫৪) এবং ঝিনাইদহের শৈলকুপার মাসুদ রানা (৪০)।
পাংশা হাইওয়ে থানার কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। অন্য ঘটনাগুলোও তদন্ত করা হচ্ছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একই দিনে পৃথক তিনটি দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মন্তব্যসমূহ