ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কাছে নিয়ন্ত্রণ নিয়ে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮০ যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে উভয় পক্ষের সূত্র এ তথ্য জানিয়েছে।
তাইজ প্রদেশের লোহিত সাগর উপকূলীয় এলাকায় কয়েক সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে। কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে আকস্মিক অভিযান শুরু করে হুতিরা।
এরই মধ্যে লোহিত সাগরের পুরো ইয়েমেনি উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা। এর মধ্যে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের এলাকাও রয়েছে। লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথের এই প্রণালিটি সৌদি আরবের জ্বালানি রপ্তানির পাশাপাশি বৈশ্বিক নৌবাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ পথ।
হুতিদের সামরিক সূত্র জানিয়েছে, তাইজ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৫ জন সরকারবিরোধী যোদ্ধা নিহত হয়েছেন।
অন্যদিকে, সরকারি বাহিনীর সূত্র এএফপিকে জানিয়েছে, তাদের পক্ষের ২৬ সেনা নিহত হয়েছেন।
উভয় পক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে নিহতের সংখ্যা অন্তত ৮১ জন।
মন্তব্যসমূহ