বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী বলেছেন, খালেদা জিয়ার দেখানো গণতন্ত্রের পথ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি দাবি করেন, খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় সংগ্রাম করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়া মানুষকে দেশপ্রেম, ত্যাগ ও দায়িত্বশীলতার শিক্ষা দিয়েছেন। দেশের স্বার্থে তিনি নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রিজভী আরও বলেন, স্বাধীনতার সময় জিয়াউর রহমানের ভূমিকা এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি এবং বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
মন্তব্যসমূহ