দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সার্কের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কার্যক্রম এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে গোলাম সারওয়ার সার্কের চলমান কার্যক্রম ও সংস্থাটির সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
বিদায়ী মহাসচিব জানান, সার্কের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। আগামী ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশের প্রত্যাশার কথাও জানান তিনি।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সার্ককে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করতে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। এ ক্ষেত্রে নিয়মিত রাজনৈতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব হিসেবে গোলাম সারওয়ারের দায়িত্ব পালনের প্রশংসা করেন। তার মেয়াদে সংস্থাটির কার্যক্রমে যে অগ্রগতি হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে সার্কের পরবর্তী মহাসচিবের দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শামা ওবায়েদ। তিনি সার্কের কার্যক্রমে বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
মন্তব্যসমূহ