দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (১৭ আগস্ট) রাতে দোহার উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরে দুই দেশের বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দোহায় অবস্থানকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশেষ করে কাতার থেকে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাতারের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর দোহা যাওয়ার কথা রয়েছে।
উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের সফরে জ্বালানির পাশাপাশি বাংলাদেশে কাতারি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হতে পারে।
দুই দিনের সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে প্রতিনিধিদলের ঢাকায় ফেরার কথা রয়েছে।
মন্তব্যসমূহ