ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৫৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাই, একটি ছুরি ও একটি আংশিক ব্লেড উদ্ধার করা হয়।
এ ছাড়া পুলিশের অভিযানে ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশি মদ ও তিন বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
অভিযানে আরও চারটি ট্রেনের টয়লেটের স্টিলের ট্যাপ, পাঁচটি প্লাস্টিকের ট্যাপ, ১০টি মোবাইল ফোন এবং ২১.২ লিটার ঔষধের কেমিক্যাল উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ