ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তুহিন রেজাসহ তিন নেতা-কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার একটি পেট্রল পাম্প থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা সোহাগ (৩৭) এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শরিফুল ইসলাম বাসসকে জানান, নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপন বৈঠকে অংশ নিয়েছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।
তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিষয়খালী বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে একটি পেট্রল পাম্প থেকে তিনজনকে আটক করা হয়।
ডিবি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আটক তিনজনের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, একজন ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা এবং অপরজন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।
তিনি আরও জানান, আটক তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
মন্তব্যসমূহ